৯ দিন পর নেপালের টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার
লেখক:
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। টানেলের ভেতরে এখনো আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত জানিয়েছেন, উদ্ধার হওয়া দুজনের একজনকে অক্সিজেন দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের একজনের নাম সঞ্জয় শাহ। তিনি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত।
সঞ্জয় শাহকে টানেল থেকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তার এলাকায় নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
উদ্ধার হওয়া অপর ব্যক্তির নাম কবির মহার্জন। তাকে সামরিক হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্বামীকে দেখতে তার স্ত্রীও সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সঞ্জয়ের সহকর্মী সুরেশ চৌধুরী বিবিসিকে বলেন, এ ঘটনায় তিনি অত্যন্ত খুশি। অন্যদেরও জীবিত উদ্ধারের বিষয়ে এই ঘটনা নতুন করে আশার সঞ্চার করেছে বলে জানান তিনি।
নেপালি সেনাবাহিনী ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল টানেলের ভেতরে আরও কেউ জীবিত আছেন কি না, তা জানতে অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে তিব্বতে আরও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় ৪ হাজার ৭৫৭ জন।


