তুরস্ককে এফ-৩৫ বিক্রি নিয়ে ইসরাইলের উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প
লেখক:
তুরস্ককে এফ-৩৫ বিক্রি নিয়ে ইসরাইলের উদ্বেগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প | ছবি : সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যন্ত বিতর্কিত নীতির কারণে দেশটির পররাষ্ট্রনীতি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। একসময় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সবচেয়ে ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র হিসেবে বিবেচিত দেশটি এখন অভূতপূর্ব কূটনৈতিক অস্বস্তি ও সুনামহানির মুখে। তবে সোমবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে ধাক্কা তারা পেয়েছে, তা তেল আবিবের জন্য আরও বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্ত্রচুক্তি, বিশেষ করে আঙ্কারার কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে নেতানিয়াহুর সমালোচনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা কী বিক্রি করব, তা আমাকে কেউ বলে দিতে পারে না।”
ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের “অসাধারণ মিত্র” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সিরিয়াসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তুরস্ক খুবই ভালো কাজ করেছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে তিনি শক্তিশালী বলে মনে করেন।
এদিকে এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, এ বিষয়ে ট্রাম্প “ইতিবাচক মনোভাব” গ্রহণ করেছেন।
এই ঘটনার ফলে আঞ্চলিক রাজনীতিতে ইসরাইল আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। হামাসকে তুরস্কের সমর্থন, গাজা ও প্রতিবেশী দেশগুলোতে ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে আঙ্কারার সরব অবস্থান এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা—এসব বিষয়কে কেন্দ্র করে ইসরাইল তুরস্কের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ তুলে আসছে। তবে ওয়াশিংটনের এই সাম্প্রতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরাইলকে আরও বেশি কোণঠাসা ও একঘরে করে ফেলল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


