একে পার্টিতে যোগ দিলেন তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরের মেয়র
লেখক:
ছবি : প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের পেছনে হাঁটছেন ইজমিরের মেয়র জেমিল তুগাই।
তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরের মেয়র জেমিল তুগাই ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে (একে পার্টি) যোগ দিয়েছেন।
বুধবার আঙ্কারায় দলটির কংগ্রেস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে জেমিল তুগাইকে একে পার্টির ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) থেকে পদত্যাগ করেন। গত মাসে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তাঁর সাক্ষাৎও হয়।
জেমিল তুগাইয়ের এই দলবদল তুরস্কের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের স্থানীয় নির্বাচনের পর বেশ কয়েকজন মেয়র একে পার্টিতে যোগ দেওয়ার ধারাবাহিকতায় ইজমিরের মেয়রের দলবদলটি বিশেষ তাৎপর্য বহন করছে।
ইজমির দীর্ঘদিন ধরে সিএইচপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। জেমিল তুগাইয়ের যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো একে পার্টি শহরটির পৌর প্রশাসনে সরাসরি নেতৃত্ব দেওয়ার সুযোগ পেল।
এদিকে গত জুলাইয়ে সিএইচপির সাবেক চেয়ারম্যান ওজগুর ওজেল দল থেকে পদত্যাগ করে নতুন দল ‘নিউ পার্টি’ গঠন করেন। এর পর থেকেই বিরোধী শিবিরে রাজনৈতিক দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। জেমিল তুগাইয়ের একে পার্টিতে যোগদান সেই রাজনৈতিক পরিবর্তনকে আরও দৃশ্যমান করে তুলেছে।


