তিন বছরেরও কম সময়ে দেশে ফিরেছেন ৬০ লাখ আফগান শরণার্থী : জাতিসংঘ

পড়তে ১ মিনিট

৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন | ছবি : সংগৃহীত

তিন বছরেরও কম সময়ে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে ইউএনএইচসিআর জানায়, ‘সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরে শরণার্থীদের দেশে ফেরার ঘটনা আর দেখা যায়নি।’

সংস্থাটি আরও বলেছে, ‘বিশ্বের যেকোনো স্থানে শরণার্থীদের প্রত্যাবর্তন অবশ্যই স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তবে দেশে ফেরা শরণার্থীদের বিষয়ে ইউএনএইচসিআর বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ধারণা করা হচ্ছে, তাদের বড় একটি অংশ প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে আফগানিস্তানে ফিরে গেছেন।

জুন মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, ইসলামাবাদ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে আফগান নাগরিকদের প্রত্যাবাসন কর্মসূচি বাস্তবায়ন শুরুর পর থেকে ২৪ লাখের বেশি আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকে প্রায় ২১ লাখ আফগান দেশে ফিরেছেন।

১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ এবং পরবর্তী কয়েক দশকের সংঘাত ও অস্থিতিশীলতার কারণে পাকিস্তানে কয়েক মিলিয়ন আফগান শরণার্থী আশ্রয় নিয়েছিলেন।

জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানে এখনো ৭ লাখ ৭৭ হাজারের বেশি নিবন্ধিত আফগান শরণার্থী অবস্থান করছেন। এছাড়া অনিবন্ধিত বা অবৈধভাবে অবস্থানরত আফগান শরণার্থীর সংখ্যা ১০ লাখের বেশি বলে ধারণা করা হচ্ছে।

এই নিবন্ধটি শেয়ার করুন