যুক্তরাষ্ট্রের তথ্যকেন্দ্রগুলো থেকে ডেনমার্কের সমান কার্বন নিঃসরণ: গবেষণা
লেখক:
যুক্তরাষ্ট্রের তথ্যকেন্দ্রগুলো থেকে ডেনমার্কের সমান কার্বন নিঃসরণ হয়েছে
যুক্তরাষ্ট্রের বৃহত্তম ৪০৩টি তথ্যকেন্দ্র থেকে এক বছরে ২ কোটি ৫৭ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। এই পরিমাণ ডেনমার্কের এক বছরের মোট কার্বন নিঃসরণের সমান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সোমবার বিজ্ঞান সাময়িকী ‘নেচার সাসটেইনেবিলিটি’তে প্রকাশিত গবেষণায় বলা হয়, ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের এসব তথ্যকেন্দ্র থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে। ২০১৮ সালের তুলনায় এই নিঃসরণের পরিমাণ বেড়ে তিন গুণ হয়েছে।
গবেষণাটি বিশেষজ্ঞদের পর্যালোচনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, এসব তথ্যকেন্দ্রের অধিকাংশই বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল।
গবেষকদের মতে, গবেষণায় বিবেচিত তথ্যকেন্দ্রগুলোর মোট বিদ্যুৎ ব্যবহারের অর্ধেকেরও বেশি হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, ওরেগন, ওহাইও ও আইওয়া অঙ্গরাজ্যে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের ফলে বড় আকারের তথ্যকেন্দ্রের চাহিদা বাড়ছে। গবেষণায় উঠে আসা এসব তথ্য প্রযুক্তি অবকাঠামোর সম্প্রসারণের পরিবেশগত প্রভাব এবং কার্বন নিঃসরণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



