চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

পড়তে ১ মিনিট

যুক্তরাজ্যে চলতি গ্রীষ্মে অসহনীয় গরম | ছবি : সংগৃহীত

জলবায়ু ক্রমেই মানবজাতির ওপর তার সবচেয়ে ভয়াবহ প্রভাব বিস্তার করছে। চলতি গ্রীষ্মে অসহনীয় গরমে শুধু যুক্তরাজ্যেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গ্রীষ্মকালীন তাপপ্রবাহজনিত মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) জানিয়েছে, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে চরম তাপপ্রবাহে ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। ২০১৬ সালে এ ধরনের মৃত্যুর হিসাব রাখা শুরুর পর এটিই সর্বোচ্চ সংখ্যা।

২৫ নভেম্বর প্রকাশিত সংস্থাটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তাপপ্রবাহজনিত মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিবৃতিতে প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ২০২২ সালে এ ধরনের মৃত্যুর আনুমানিক সংখ্যা ছিল ২ হাজার ৯৮৫। অথচ চলতি বছর সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

প্রতিবেদনের তথ্য সঠিক হলে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপপ্রবাহের স্থায়িত্ব, ঘনত্ব ও তীব্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্বেগজনক এই প্রতিবেদন জনস্বাস্থ্য সুরক্ষায় সুপরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছে।

লন্ডনসহ দেশটির বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত না হওয়া এবং এর ফলে তীব্র খরা পরিস্থিতির সৃষ্টি হওয়াকে এ বছর টানা পাঁচটি তাপপ্রবাহের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ ধরনের নজিরবিহীন জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্য তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো একটি বিশাল জলাধার নির্মাণের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ উপকূলীয় বন্দরনগরী পোর্টসমাউথের কাছে প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে হাভান্ট থিকেট প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।

লন্ডনের নীতিনির্ধারকেরা পরিস্থিতিটিকে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন। তাঁদের মতে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং বিপুল পরিমাণ পানি ব্যবহারকারী শিল্প খাতের সম্প্রসারণ এ চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণকেন্দ্রের মতো শিল্পে পানির চাহিদা ক্রমেই বাড়ছে।

লেখক : সাবেক সম্পাদক, আরব নিউজ



এই নিবন্ধটি শেয়ার করুন