ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে জাতিসংঘে ১৬২ দেশের সমর্থন
লেখক:
ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে ১৬২ দেশের সমর্থন | ছবি : সংগৃহীত
ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন ক্রমেই জোরালো হচ্ছে। এরই প্রতিফলন দেখা গেছে গত ২০ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে অন্তত ১৬২টি দেশ।
প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যরাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশ।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে এ ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে অবস্থান বেছে নিয়েছে। তাদের সঙ্গে বিপক্ষে ভোট দিয়েছে আরও ছয়টি দেশ। সেগুলো হলো আর্জেন্টিনা, প্যারাগুয়ে, মাইক্রোনেশিয়া, নাউরু, পাপুয়া নিউগিনি ও পালাউ। এ ছাড়া আটটি দেশ ভোটদানে বিরত ছিল।
আরব পার্লামেন্টের স্বাগত
জাতিসংঘের এই ভোটকে স্বাগত জানিয়েছে আরব পার্লামেন্ট। সংস্থাটি বলেছে, এ ভোট ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বিজয়ের প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে এটি এসব অধিকারের বৈধতা এবং ইসরাইলি দখলদারত্বের অবসানের প্রয়োজনীয়তার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক ঐকমত্যের প্রতিফলন।
ভোটের পরপরই দেওয়া এক বিবৃতিতে আরব পার্লামেন্ট ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত দখলদারত্বকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের ওপর গুরুত্বারোপ করেছে।
প্রস্তাবটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি পরামর্শমূলক মতামতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ওই মতামতে আদালত রায় দিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত দখলদারত্ব অবৈধ এবং তা অবিলম্বে অবসান ঘটাতে হবে। আদালতের মতে, এই অবৈধ দখলদারত্ব ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চার পথে একটি বড় বাধা।
এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের চতুর্থ কমিটিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা (ইউএনআরডব্লিউএ), ফিলিস্তিনি শরণার্থীদের সম্পত্তি এবং ইসরাইলি বসতি স্থাপনসংক্রান্ত তিনটি প্রস্তাব গৃহীত হওয়াকেও স্বাগত জানিয়েছে আরব পার্লামেন্ট।
এসব প্রস্তাবে ইউএনআরডব্লিউএর কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে শরণার্থীদের অধিকার, বিশেষ করে নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ইসরাইলি বসতিগুলোকে অবৈধ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার লঙ্ঘন হিসেবে পুনর্ব্যক্ত করা হয়েছে।
শুধু ভোট নয়, কার্যকর পদক্ষেপ চায় আরব পার্লামেন্ট
আরব পার্লামেন্ট বিশ্ব সম্প্রদায়ের প্রতি শুধু প্রস্তাব গ্রহণ ও অবস্থান প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ এবং কার্যকর, বাধ্যতামূলক আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
সংস্থাটি বলেছে, এসব প্রস্তাবের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, ইউএনআরডব্লিউএর সুরক্ষা দিতে হবে এবং সংস্থাটির মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে ইসরাইলের বসতি স্থাপন কার্যক্রম, ভূমি দখল ও সংযুক্তিকরণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি দখলদারত্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিনি জনগণের মৌলিক আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়ন এবং তাদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাসঙ্গিক প্রস্তাবনা অনুযায়ী, জেরুজালেম হবে সেই স্বাধীন রাষ্ট্রের রাজধানী।


