দোহায় আইইউএমএস সভাপতির সঙ্গে তুর্কি শিক্ষাবিদ ইয়াসিন আকতাইয়ের সাক্ষাৎ
লেখক:
দোহায় আইইউএমএস সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন তুর্কি শিক্ষাবিদ ইয়াসিন আকতাই | আল উম্মাহ
আন্তর্জাতিক মুসলিম আলেম সংস্থা (আইইউএমএস)-এর সভাপতি শায়খ আলী মুহিউদ্দিন আল-কারাদাগি সাথে সাক্ষাৎ করেছেন তুরস্কের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও রাজনীতিবিদ ড. ইয়াসিন আকতাই।
কাতারের রাজধানী দোহায় আইইউএমএস সভাপতির
নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ এবং মুসলিম উম্মাহর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও পারস্পরিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শায়খ আল-কারাদাগি এ সফরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিভিন্ন পটভূমি ও চিন্তাধারার মুসলমানদের একত্র করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, এ ধরনের সমাবেশ চিন্তাধারার বিভিন্ন ধারা, আলেম ও বুদ্ধিজীবীদের মধ্যে সংলাপের নতুন পথ উন্মুক্ত করবে। একই সঙ্গে ন্যায়বিচার, মর্যাদা, স্বাধীনতা এবং রক্তপাত বন্ধের অঙ্গীকারের ভিত্তিতে জাতীয়তা ও জাতিগত পরিচয়ের সীমা অতিক্রম করে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
শায়খ আল-কারাদাগি বলেন, দীর্ঘদিন ধরে এ বিশ্বাসই তাঁর কর্মপ্রচেষ্টার মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। ভিন্নমতাবলম্বীদের একত্র করা, একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনার পরিবেশ তৈরি করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে তিনি কাজ করে আসছেন।
তিনি আরও বলেন, মুসলিম উম্মাহর মধ্যে বৈচিত্র্যের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এ উম্মাহর সব সদস্যের জ্ঞান, অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি প্রয়োজন। পাশাপাশি মতপার্থক্য থাকা সত্ত্বেও ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখতে ন্যায়সংগত মনোভাব অপরিহার্য।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে শায়খ আলী আল-কারাদাগির নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক মুসলিম আলেম সংস্থা (আইইউএমএস) একটি স্বাধীন আন্তর্জাতিক ইসলামী ধর্মতাত্ত্বিক সংগঠন। ২০০৪ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদর দপ্তর কাতার ও আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত। আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী আইনশাস্ত্র ও ফিকহ চর্চাকে সমন্বিত করাই সংস্থাটির অন্যতম লক্ষ্য।



