আইভরি কোস্টে ২ হাজার মুসলিম স্কাউট নেতাকে প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প চালু

পড়তে ১ মিনিট

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে ২ হাজার মুসলিম স্কাউট নেতাকে প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প চালু হয়েছে। তরুণদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং উগ্রবাদ থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১১ থেকে ১৫ নভেম্বর দেশটির আবিদজানে আয়োজিত এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সাধারণ সচিবালয়ের প্রতিনিধিদল। আইভরি কোস্টের যুব উন্নয়ন, পেশাগত কর্মসংস্থান ও নাগরিক সেবা বিষয়ক মন্ত্রী মামাদু তুরের আমন্ত্রণে সংস্থাটি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

ইসলামী সংহতি তহবিলের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ইসলামিক ফেডারেশন অব স্কাউটস অ্যান্ড ইয়ুথ এবং আইভরি কোস্ট মুসলিম স্কাউটস অ্যাসোসিয়েশন। দেশটিতে স্কাউট আন্দোলনের কার্যক্রম আরও বিস্তৃত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

ওআইসির যুব কৌশল, দশ বছর মেয়াদি কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের পাশাপাশি উগ্রবাদ থেকে তাদের সুরক্ষিত রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠানে ওআইসির পক্ষে দেওয়া বক্তব্যে সংস্থাটির যুব ও ক্রীড়া বিভাগের প্রধান ড. বুবাকার মাইগা আইভরি কোস্ট সরকারকে ধন্যবাদ জানান। তরুণদের উন্নয়নে সরকারের অঙ্গীকার, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং শান্তির সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।



এই নিবন্ধটি শেয়ার করুন