ওআইসি-জাতিসংঘ চুক্তি: সংকটপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা দ্রুত পৌঁছানোর উদ্যোগ
লেখক:
নিউইয়র্কে ত্রাণ কার্যক্রম বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইসমাইল উলদ শেখ আহমেদ (বামে) এবং টম ফ্লেচার (ডানে) | ছবি : ওআইসি
যুদ্ধ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর জন্য ত্রাণ কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ওআইসির মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ এবং জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার।
ওআইসি সদস্য রাষ্ট্রসমূহসহ এর বাইরেও জরুরি পরিস্থিতিতে আরও কার্যকরভাবে সাড়া দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে এই চুক্তির মাধ্যমে মাঠপর্যায়ে নিবিড় সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং সক্ষমতা বৃদ্ধির একটি রূপরেখা তৈরি করা হয়েছে।
এর আগে, উভয়পক্ষ মানবিক কার্যক্রমের ক্ষেত্রে দুই সংস্থার মধ্যকার বিদ্যমান সহযোগিতা জোরদার ও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করে। পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সমন্বয় নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকের শেষে উভয় পক্ষ সহযোগিতা স্মারকে স্বাক্ষর করে। এটি ভবিষ্যৎ সহযোগিতা পরিচালনা এবং সংকটপীড়িত মানুষের সেবায় মাঠপর্যায়ে ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার ক্ষেত্রে একটি কৌশলগত রোডম্যাপ হিসেবে কাজ করবে।
এই চুক্তির আসল তাৎপর্য নিহিত রয়েছে এর বাস্তবায়নের ওপর। অর্থাৎ দুই সংস্থার মধ্যকার এই ঘনিষ্ঠ সহযোগিতা ত্রাণ সংস্থাগুলোকে আরও দ্রুত অসহায় মানুষের কাছে পৌঁছাতে এবং যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে সহায়তা পৌঁছে দিতে কতটা কার্যকর ভূমিকা রাখে, সেটিই হবে এর মূল বিষয়।



