রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায়কে স্বাগত জানাল ওআইসি
লেখক:
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) | ছবি : সংগৃহীত
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেয়া এক বিবৃতিতে সংস্থাটি এ রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে।
বিবৃতিতে ওআইসি জানায়, এ রায় সত্য, ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্তদের প্রতিকার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি দায়মুক্তির সংস্কৃতি অবসানের পথে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। বিশেষ করে আদালত মিয়ানমারকে রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এ বিষয়ে দুই বছরের মধ্যে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ওআইসি উল্লেখ করে, আদালতের বাধ্যতামূলক ও চূড়ান্ত সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের শাসনকে আরও শক্তিশালী করেছে। ১৪-১ সংখ্যাগরিষ্ঠ ভোটে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, মিয়ানমার গণহত্যা কনভেনশনের বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় জাতীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। আদালত দেশটিকে কনভেনশনের পঞ্চম অনুচ্ছেদের অধীনে বিদ্যমান লঙ্ঘন অবিলম্বে বন্ধ এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া গণহত্যা কনভেনশনের তৃতীয় অনুচ্ছেদে নিষিদ্ধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জবাবদিহির আওতায় আনতে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে ওআইসি ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়েরের উদ্যোগের কথা স্মরণ করে। ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। এই বাস্তুচ্যুতি ও নির্যাতনের প্রেক্ষাপটে রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে গাম্বিয়া যে নেতৃত্বস্থানীয় ভূমিকা এবং আন্তরিক আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, তার জন্য গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছে ওআইসি।
মামলার বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত ১১টি দেশের আন্তর্জাতিক সংহতি ও গুরুত্বপূর্ণ সমর্থনেরও প্রশংসা করেছে সংস্থাটি।
বিবৃতির শেষাংশে ওআইসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আদালতের সিদ্ধান্তগুলোর পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এর মাধ্যমে রোহিঙ্গা মুসলিমদের অধিকার সুরক্ষা, তাদের হারানো মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণের পথ সুগম হবে।



