ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার ৩৮তম বার্ষিকীতে মাহমুদ আব্বাসকে ওআইসি মহাসচিবের অভিনন্দন

পড়তে ১ মিনিট

মাহমুদ আব্বাসকে অভিনন্দন জানিয়েছেন ইসমাইল ওলদ শেখ আহমেদ

ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার ৩৮তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওলদ শেখ আহমেদ।

১৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহমুদ আব্বাসের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

বার্তায় ওআইসি মহাসচিব ফিলিস্তিনি জনগণের প্রতি সংস্থাটির পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইসরাইলি দখলদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের মুখে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে ওআইসি।

তিনি ফিলিস্তিনি জনগণের জাতীয় অর্জন ও সাফল্যের কথা গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে স্মরণ করেন। এসব অর্জনকে তিনি ফিলিস্তিনি জনগণের অপরিসীম ত্যাগ, অটল সংকল্প এবং নিজেদের অধিকার পুনরুদ্ধারের চলমান সংগ্রামের বৈধতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

ওআইসি মহাসচিব ফিলিস্তিন ইস্যুতে সংস্থাটির অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইসলামি উম্মাহর জন্য ফিলিস্তিন ইস্যু একটি কেন্দ্রীয় বিষয়। দখলদারত্বের অবসান, নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধক্ষমতা ও দৃঢ়তা জোরদার, ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি সম্প্রসারণ এবং পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ওআইসি সব পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, ১৯৬৭ সালের ৪ জুনের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ওআইসি কাজ করে যাবে।

অভিনন্দন বার্তার শেষাংশে ওআইসি মহাসচিব ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে যৌথ সহযোগিতার পরিধি ও মান আরও উন্নত করার বিষয়ে সংস্থাটির আগ্রহের কথা জানান। তিনি বলেন, এ সহযোগিতা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও সমৃদ্ধির বৈধ আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে।


এই নিবন্ধটি শেয়ার করুন