মস্কোয় আন্তর্জাতিক সমষ্টিগত নিরাপত্তা ফোরামে অংশ নিলো ওআইসি
লেখক:
মস্কোয় আন্তর্জাতিক সমষ্টিগত নিরাপত্তা ফোরামে অংশ নিয়েছে ওআইসি
রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক সমষ্টিগত নিরাপত্তা ফোরামে অংশ নিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সাধারণ সচিবালয়। গত ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত এ ফোরামে সংস্থাটির মহাসচিবের প্রতিনিধি হিসেবে অংশ নেন রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব ইউসুফ আল-দোবেই।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে এ ফোরামে অংশ নেয় ওআইসি। তিনি সংস্থাটির মহাসচিব ইসমাইল ওলদ শেখ আহমেদের কাছে আমন্ত্রণ পাঠান।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উদ্বোধনের মধ্য দিয়ে ফোরামের কার্যক্রম শুরু হয়। এতে বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেন।
ফোরামের ‘একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ এবং সমষ্টিগত নিরাপত্তা ব্যবস্থার রূপান্তর’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেন ওআইসির রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব ইউসুফ আল-দোবেই। অধিবেশনে জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা, স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথ এবং আফ্রিকান ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন।
বক্তব্যে তিনি আলোচ্য বিষয়গুলোতে ওআইসির অবস্থান তুলে ধরেন। পাশাপাশি অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা সুসংহত করতে বহুপক্ষীয় সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ফোরামের পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জর্জি বোরিসেঙ্কোর সঙ্গে বৈঠক করেন ইউসুফ আল-দোবেই। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ওআইসি ও রাশিয়ার মধ্যে সহযোগিতা এবং সমন্বয় আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।



