ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে গণতন্ত্র ও শান্তি নিয়ে গবেষকদের আলোচনা

পড়তে ১ মিনিট

ইস্তাম্বুল সাবাহাত্তিন জায়িম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এরহান ইচেনার সম্মেলনে বক্তব্য রাখছেন | ছবি : সংগৃহীত


গণতন্ত্র, শান্তি এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গবেষকদের অংশগ্রহণে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে ‘আরব গণতন্ত্রবিষয়ক গবেষণা দল সম্মেলন ২০২৬’। ৮ ও ৯ নভেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ইস্তাম্বুল সাবাহাত্তিন জায়িম বিশ্ববিদ্যালয় (আইজেইউ)। এতে সহযোগিতা করে ডেমোস তিউনিসিয়া ও তোদা পিস ইনস্টিটিউট।

‘মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণতন্ত্রায়ণের পুনর্গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নেন। সম্মেলনে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট, গণতান্ত্রিক উত্তরণ, কর্তৃত্ববাদী শাসনের বিস্তার এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

দুই দিনব্যাপী সম্মেলনে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরে একাধিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম দিনের আলোচনায় আঞ্চলিক রাজনীতিতে বহিরাগত শক্তির ভূমিকা, অহিংস রাজনৈতিক আন্দোলন, গণতান্ত্রিক অগ্রগতির অবনমন এবং পরিবর্তনশীল আঞ্চলিক রাজনৈতিক ব্যবস্থা বিশেষ গুরুত্ব পায়।

সম্মেলনে উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন ইস্তাম্বুল সাবাহাত্তিন জায়িম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এরহান ইচেনার, তোদা পিস ইনস্টিটিউটের প্রতিনিধি অলিভিয়া স্টোকস ড্রেইয়ার এবং ডেমোস তিউনিসিয়া ও সোফিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপক লারবি সাদিকি।

বক্তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, শান্তি প্রতিষ্ঠা, আইনের শাসন সমুন্নত রাখা এবং আঞ্চলিক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা মনে করেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি, শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার প্রসার এবং আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




এই নিবন্ধটি শেয়ার করুন