প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে মক্কা জোটের অগ্রগতি

পড়তে ১ মিনিট

ইস্তাম্বুলে জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কৌশলগত কমিটির প্রথম বৈঠক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান সোমবার (৩১ আগস্ট) মক্কা জোটের আওতায় সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার অঙ্গীকার করেছে।

ইস্তাম্বুলে জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কৌশলগত কমিটির প্রথম বৈঠকের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে তিন দেশ জানায়, এই বৈঠক মক্কা জোটকে চুক্তি স্বাক্ষরের পর্যায় থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিন দেশ তাদের অংশীদারিত্বের প্রতিরক্ষামূলক চরিত্র এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি উত্তেজনা প্রশমন ও সংযম বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তারা।

বিবৃতিতে বলা হয়, তিন দেশ তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, প্রতিরোধক্ষমতা জোরদার এবং সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। এ সহযোগিতার আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তির উন্নয়নও অন্তর্ভুক্ত থাকবে।

তিন দেশ সৌদি আরবে একটি প্রশাসনিক কেন্দ্র বা সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। একজন মহাসচিবের নেতৃত্বে এই সচিবালয় জোটের আওতায় দেশগুলোর কার্যক্রম সমন্বয় ও সহযোগিতায় সহায়তা করবে। প্রথম তিন বছরের মেয়াদে পাকিস্তান সচিবালয়ের নেতৃত্ব দেবে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক জানিয়েছে, শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে তারা চুক্তিটি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তায় আরও কার্যকর অবদান রাখার জন্য তারা একসঙ্গে কাজ করবে।

তিন দেশ অঞ্চল এবং এর বাইরেও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয়ে একমত হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন