তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হতে যাচ্ছে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

পড়তে ১ মিনিট

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্য প্রতিরক্ষা চুক্তি সই হতে যাচ্ছে

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

তুর্কি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র শুক্রবার আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, বহুল প্রতীক্ষিত এই চুক্তি আজই স্বাক্ষরিত হবে। তবে চুক্তির বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে সূত্রটি কোনো তথ্য জানায়নি।

এর আগে, শুক্রবার সকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একদিনের সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগ করেন। সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টায় তুরস্কও সক্রিয় ভূমিকা পালন করছে।

এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান নিজেদের নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।

নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন