তাশখন্দে প্রথম ‘ইসলামিক সিভিলাইজেশন’ ফোরামে ওআইসির অংশগ্রহণ
লেখক:
সম্প্রতি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ‘ইসলামিক সিভিলাইজেশন’ ফোরামে অংশ নিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, আলেম, গবেষক ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে আয়োজিত এ ফোরামে ইসলামী সভ্যতার ঐতিহ্য, শিক্ষা, গবেষণা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়।
ফোরামের উদ্বোধনী অধিবেশনে ওআইসির মহাসচিবের বিশেষ দূত রাষ্ট্রদূত তারিগ আলী বাখিত বক্তব্য দেন। তিনি মহাসচিবের পক্ষ থেকে উজবেকিস্তান সরকারকে শুভেচ্ছা জানিয়ে ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে দেশটির উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ইমাম আল-বুখারি, ইমাম আত-তিরমিজি ও ইবনে সিনার মতো বিশ্ববরেণ্য মনীষীদের জন্মভূমি হিসেবে উজবেকিস্তানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

তারিগ আলী বাখিত বলেন, যুক্তিবোধ, জ্ঞানচর্চা ও বৈচিত্র্যের ভিত্তিতে গড়ে ওঠা ইসলামী সভ্যতার আদর্শ বর্তমান বিশ্বের ঘৃণা, বিভাজন ও মেরুকরণের প্রবণতা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার প্রসার এবং বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের মধ্যে সংলাপ জোরদারে ওআইসির অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সহনশীলতা, শান্তি ও পারস্পরিক বোঝাপড়ার মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।



