‘শেখ হামাদ বিন খলিফাকে গাজা, জেরুজালেম ও সমগ্র ফিলিস্তিন স্মরণ করবে’

পড়তে ১ মিনিট

কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফার সাথে হামাসের বিদেশবিষয়ক নেতা খালেদ মাশআল | ছবি : সংগৃহীত

কাতারের আধুনিকায়নের প্রধান স্থপতি ও ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হামাসের বিদেশবিষয়ক নেতা খালেদ মাশআল। আল জাজিরাকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, শেখ হামাদের মৃত্যুতে শুধু কাতার নয়, গাজা, জেরুজালেম ও সমগ্র ফিলিস্তিন শোকাহত।

রোববার (১২ জুলাই) ফিলিস্তিন লেখক ও রাজনৈতিক গবেষক জাদিদ মাজেদ আবু দিয়াক সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে খালেদ মাশআলের দেওয়া প্রতিক্রিয়া বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

পোস্টে উল্লেখ করা হয়, খালেদ মাশআল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, মরহুমের পরিবার এবং কাতারের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ফিলিস্তিনের জনগণ শেখ হামাদ এবং কাতারের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ থাকবে।

তিনি বলেন, ফিলিস্তিন, বিশেষ করে জেরুজালেম ও গাজার প্রশ্নে শেখ হামাদ দৃঢ় অবস্থান নিয়েছিলেন। ২০১৯ সালে গাজায় ইসরাইলি অভিযানের সময় গাজাবিষয়ক শীর্ষ সম্মেলন আহ্বানকে তিনি একটি সাহসী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

খালেদ মাশআল আরও বলেন, ২০১২ সালে শেখ হামাদ গাজা সফর করে অবরুদ্ধ উপত্যকার পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর ভাষায়, এটি ছিল গাজার প্রতি কাতারের দৃঢ় সমর্থনের প্রতীক। তিনি গাজার পুনর্গঠন, স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন এবং মানবিক সহায়তায় শেখ হামাদের অবদানেরও প্রশংসা করেন।

এছাড়া ২০২৪ সালে হামাসের নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর শেখ হামাদ বিদেশ সফর সংক্ষিপ্ত করে জানাজায় অংশ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন মাশআল।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আল্লাহ কাতারকে হেফাজত করুন। কাতার ফিলিস্তিন, আরব বিশ্ব, মুসলিম উম্মাহ এবং মানবিক বিভিন্ন ইস্যুতে কখনোই তার দায়িত্ব পালনে পিছিয়ে যায়নি।”

এই নিবন্ধটি শেয়ার করুন