মক্কা চুক্তি : প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

পড়তে ১ মিনিট

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান | ছবি: সংগৃহীত

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক সোমবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানরা অংশ নেবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চলতি আগস্টে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ আওতায় এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চুক্তির আওতায় তিন দেশের শীর্ষ কর্মকর্তারা প্রথম কমিটির বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে একত্রিত হবেন।

গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামোর মধ্যে এসেছে। আঞ্চলিক নিরাপত্তা ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিন দেশ এ উদ্যোগ নিয়েছে।

চুক্তির অন্যতম লক্ষ্য হলো যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনীয়।

ইস্তাম্বুলের বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, জোটের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং তিন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে সহযোগিতা আরও গভীর করার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই প্রতিরক্ষা জোট সম্প্রসারণের সুযোগ রয়েছে। সম্ভাব্য সদস্য হিসেবে মিসরের নামও বিবেচনা করছে আঙ্কারা। তবে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই চুক্তি বিদ্যমান কোনো সামরিক জোটের বিকল্প হিসেবে গঠিত হয়নি।

সূত্র: রয়টার্স ও এএফপি।

এই নিবন্ধটি শেয়ার করুন