অ্যামাজনে ৩৫ লাখ ফিলিস্তিনির ছবি আপলোড করেছে ইসরাইল: গার্ডিয়ানের প্রতিবেদন

পড়তে ১ মিনিট

অ্যামাজনে ৩৫ লাখ ফিলিস্তিনির ছবি আপলোড করেছে ইসরাইল

ফিলিস্তিনিদের ওপর নজরদারি ও মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যে প্রায় ৩৫ লাখ ফিলিস্তিনির ছবি অ্যামাজনের ক্লাউডভিত্তিক সংরক্ষণ ব্যবস্থায় আপলোড করেছে ইসরাইলের সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে ফাঁস হওয়া নথি ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, গাজার বিভিন্ন সামরিক চেকপোস্টে ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করা হয়। পরে ২০২৪ সালের শুরুর দিকে এসব ছবি তেল আবিবের কাছাকাছি অবস্থিত অ্যামাজনের একটি তথ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী ছবিগুলো শনাক্ত ও বিশ্লেষণের জন্য অ্যামাজনের ‘রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করেছে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের ছবির সঙ্গে সামরিক বাহিনীর নিজস্ব তথ্যভান্ডারের ছবি মিলিয়ে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে স্বাক্ষরিত বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ও গুগলের সঙ্গে ইসরাইলের বহুল আলোচিত ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় সংবেদনশীল সামরিক গোয়েন্দা তথ্যও প্রতিষ্ঠান দুটির সঙ্গে ভাগাভাগি করেছে ইসরাইল। কয়েকশ কোটি ডলারের এই চুক্তির আওতায় ইসরাইলি সামরিক ও সরকারি সংস্থাগুলোকে ক্লাউডভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবা দেওয়া হচ্ছে।

এর আগে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, বিমান হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং সন্দেহভাজন প্রতিরোধযোদ্ধাদের বাড়ি পর্যন্ত অনুসরণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল।

সাম্প্রতিক এই প্রতিবেদন ফিলিস্তিনিদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, প্রযুক্তি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা এবং সামরিক নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন