মানবতার বিবেকের প্রতি এক আকুল আবেদন
গাজায় আর্তনাদ | আল-উম্মাহ ফাউন্ডেশনের সৌজন্যে
গাজার আমাদের বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের কাছ থেকে সাহায্যের জন্য যে আর্তনাদ আমাদের কাছে পৌঁছাচ্ছে, তা যেন বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের কানে পৌঁছে যায়—এটি নিশ্চিত করাকে আমি আমার মানবিক ও ইসলামী দায়িত্ব বলে মনে করি। তাঁরা এমন সব অধ্যাপক, যাঁরা চলমান ভয়াবহ হামলার বিভীষিকা থেকে বেঁচে ফিরেছেন। অথচ সীমাহীন দুর্ভোগ ও অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্যেও তাঁরা তাঁবুর ভেতরে পাঠদান অব্যাহত রেখে জ্ঞান ও শিক্ষার আলো জ্বালিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করছেন।
আমাদের জানা মতে, গাজায় চলমান গণহত্যা মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ বিপর্যয়।
গাজায় আমাদের সহকর্মীদের কাছ থেকে পাওয়া সর্বশেষ বার্তাগুলো স্পষ্ট করে দিচ্ছে, শীতের কঠিন পরিস্থিতিতে তাঁবুতে বসবাস করা প্রায় অসহনীয় হয়ে উঠেছে। দুর্ভাগ্যজনকভাবে, জীর্ণ ও ক্ষয়প্রাপ্ত এসব আশ্রয়স্থল মানুষের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকুও আর পূরণ করতে পারছে না।
আমাদের জানা মতে, গাজায় চলমান গণহত্যা মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ বিপর্যয়। আমাদের চোখের সামনেই একটি গোটা জনগোষ্ঠীর জীবন, তাদের সম্মিলিত স্মৃতি, সংস্কৃতি, ভবিষ্যৎ এমনকি অস্তিত্ব পর্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। নিরপরাধ লাখ লাখ মানুষ, যাদের অধিকাংশই নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ, কেবল বেঁচে থাকার জন্য প্রাণপণ লড়াই করছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি নগরীতে নিপীড়িত মানুষ শীতের তীব্রতা উপেক্ষা করে অস্থায়ী তাঁবুতে কোনোমতে জীবন ধারণের চেষ্টা করছেন। হাসপাতাল, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, উপাসনালয়সহ মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব প্রতিষ্ঠান ও স্থাপনা ইহুদিবাদী দখলদার বাহিনীর হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে।
একটি গোটা জাতির ভবিষ্যৎ, একটি সমাজের স্মৃতি এবং সমগ্র মানবজাতির অভিন্ন ঐতিহ্য আমাদের চোখের সামনেই মুছে ফেলা হচ্ছে।
দখলদার বাহিনীর সংঘটিত হত্যাযজ্ঞ এখন আর কোনো নির্দিষ্ট ভূখণ্ডের সমস্যা নয়, কেবল একটি জনগোষ্ঠীর ওপর সংঘটিত নিপীড়নও নয় কিংবা কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের বিষয়ও নয়। এটি এখন আমাদের মানবিক সত্তার, মানুষ হিসেবে নিজেদের পরিচয় ধরে রাখার সক্ষমতার এক কঠিন পরীক্ষা। এই গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কী, আমরা কোন পক্ষ বেছে নিচ্ছি এবং কী ধরনের দায়িত্ব পালনে প্রস্তুত—এসবই আমাদের মানবিক মর্যাদার মাপকাঠি হয়ে থাকবে।
একটি গোটা জাতির ভবিষ্যৎ, একটি সমাজের স্মৃতি এবং সমগ্র মানবজাতির অভিন্ন ঐতিহ্য আমাদের চোখের সামনেই মুছে ফেলা হচ্ছে।
এই চেতনা থেকেই আমি সমগ্র মানবজাতির প্রতি আহ্বান জানাচ্ছি—গাজার ওপর চাপিয়ে দেওয়া ভয়াবহ অবিচারের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়বেন না! এই ট্র্যাজেডিকে আর দশটি সাধারণ সংবাদ শিরোনামে পরিণত হতে দেবেন না। সময়ের সঙ্গে সঙ্গে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া আরেকটি বিপর্যয় হিসেবেও একে মেনে নেবেন না। নিজেদের বিবেককে জাগ্রত রাখুন। পৃথিবীর যে প্রান্তেই থাকুন, এই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। কখনোই নীরবতা, উদাসীনতা কিংবা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালনকে এমন এক ধরনের সহযোগিতায় পরিণত হতে দেবেন না, যা অবিচারকে অব্যাহত রাখতে এবং আরও ভয়াবহ করে তুলতে সহায়তা করে।
গাজার পক্ষে যাঁরা আওয়াজ তুলেছেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এবং রাজপথ ও জনসমাগমস্থলে প্রতিবাদে শামিল হয়েছেন, সেই সব ভাই-বোনের প্রতি আমাদের আহ্বান—আসুন, আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করি। আরও জোরালোভাবে নিজেদের কণ্ঠস্বর তুলে ধরি এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনকে আরও সুদৃঢ় করি। প্রতিদিন যেন আরও বেশি মানুষ এই মহান মানবিক আন্দোলনে যুক্ত হন, সে জন্য আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি।
যাঁরা এখনো কোনো পদক্ষেপ নেননি, তাঁদের প্রতিও আমাদের আহ্বান—নিজেদের দায়িত্ব স্বীকার করার সময় এসেছে। প্রত্যেকের উচিত, তিনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তাঁর হাতে যে সামর্থ্য ও উপায় রয়েছে, তা কাজে লাগিয়ে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং নিপীড়িত মানুষের ক্ষত নিরাময়ে এগিয়ে আসা। এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়; বরং এটি আমাদের কর্তব্য ও দায়িত্ব।
গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মর্যাদা ও সম্মানকে পুনরুদ্ধার করতে না পারলে মানবজাতি কখনোই তার নৈতিক অবস্থান ফিরে পাওয়ার আশা করতে পারে না। সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে ইতিহাসের পরতে পরতে এই লজ্জার বোঝা বহন করতে হবে। মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটিতে এই কলঙ্ক লিপিবদ্ধ হয়ে থাকবে, যা কখনোই মুছে ফেলা সম্ভব হবে না। তবে ইতিহাস তাঁদের কথাও স্মরণ রাখবে, যাঁরা এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
আমরা যেন কখনো ভুলে না যাই—নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো মানুষ হওয়ার অন্যতম অপরিহার্য শর্ত এবং এমন এক দায়িত্ব, যা আমাদের পালন করতেই হবে। আজ গাজার জন্য আমরা যা কিছু করছি, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে, আমাদের সন্তানদের উত্তরাধিকারসূত্রে পাওয়া পৃথিবীর কাছে এবং সমগ্র মানবজাতির অভিন্ন বিবেকের কাছে এক আমানত। আসুন, আমরা সেই আমানতের মর্যাদা রক্ষা করি। আমাদের কথা, সম্পদ, জ্ঞান ও সামর্থ্যকে কাজে লাগাই।
আসুন, গাজার আর্তনাদ পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দিই। এই অবিচারের অবসান না হওয়া পর্যন্ত আমাদের কণ্ঠস্বর উচ্চকিত রাখি। ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া এবং নিপীড়িত মানুষ আবার নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে না পারা পর্যন্ত আমাদের মানবিক অঙ্গীকারে অবিচল থাকি।
হে আল্লাহ, আমাদের প্রতিপালক! আমাদের ভাই-বোনদের বিজয় দান করুন এবং তাদের সাহায্যে এগিয়ে আসুন। নিপীড়িতদের দুঃখ-কষ্ট দূর করে দিন এবং জালিমদের পরাভূত করুন। হে আল্লাহ! আমাদের এমন মানুষ হিসেবে কবুল করুন, যারা আমাদের ভাই-বোনদের দুঃখ-দুর্দশায় তাদের সান্ত্বনার কারণ হতে পারে; তাদের বোঝার কিছু অংশ নিজেদের কাঁধে তুলে নিতে পারে এবং আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।
আমাদের এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যারা অবিচারের মুখে নির্ভয়ে সত্য কথা বলে, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে, তাদের দোয়া লাভ করে এবং তাদের বেদনা ও বোঝার অংশীদার হয়।
হে আল্লাহ! আমাদের হিসাব-নিকাশ সহজ করে দিন। কিয়ামতের দিন এসব নিপীড়িত মানুষের সামনে আমাদের লাঞ্ছিত করবেন না এবং তাদের ওপর সংঘটিত অবিচারের জন্য আমাদের জবাবদিহির মুখোমুখি করবেন না। হে আল্লাহ! আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি রহম করুন। ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প, আমাদের ভাই-বোনদের অধিকার রক্ষার অঙ্গীকার এবং আপনার সন্তুষ্টি অর্জনের উপযোগী জীবনযাপনের তাওফিক দান করুন।
আপনিই আমাদের অভিভাবক, আপনিই আমাদের প্রতিপালক। আপনি ছাড়া আমরা আর কারও কাছে সাহায্য চাই না এবং আপনি ছাড়া আর কারও কাছে আশ্রয় ও সহযোগিতা কামনা করি না।
আমিন।
লেখক সম্পর্কে
তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের সাবেক প্রধান




