আফ্রিকায় ইবোলায় মৃতের সংখ্যা ৫ হাজার ৩৭৬, আক্রান্ত ১০ হাজারের বেশি

পড়তে ১ মিনিট

আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব | ছবি: সংগৃহীত

আফ্রিকার সর্বশেষ ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা সংশোধন করে ৫ হাজার ৩৭৬ জন বলে জানিয়েছে মহাদেশটির শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি)। নিহতদের অধিকাংশই ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বাসিন্দা।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত আফ্রিকা সিডিসির তথ্য অনুযায়ী, কঙ্গোতে ইবোলায় ৫ হাজার ৩৭২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কেনিয়া ও উগান্ডায় দুইজন করে মারা গেছেন।

চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে কঙ্গোতে দেশটির ১৭তম ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। ইবোলা একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা রক্তক্ষরণজনিত জ্বর সৃষ্টি করে এবং আক্রান্ত ব্যক্তির শারীরিক তরলের সংস্পর্শে ছড়ায়। গত ৫০ বছরে আফ্রিকায় এ রোগে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সর্বশেষ প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ১০ হাজার ৪৪৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৫০ শতাংশের বেশি।

সাম্প্রতিক মাসগুলোতে কয়েকবার সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। কঙ্গো থেকে যাওয়া ব্যক্তিদের মাধ্যমে উগান্ডায় ২০ জন আক্রান্ত হয়েছিলেন। পরে গত আগস্টে দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়।

অক্টোবরে কেনিয়ায় নয়জনের শরীরে ইবোলা শনাক্ত হয়। দেশটিতে এটিই ছিল প্রথম নথিভুক্ত ইবোলা সংক্রমণের ঘটনা।

একই মাসে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াতেও একজনের শরীরে ইবোলা শনাক্তের খবর পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪২ বছর বয়সী এক সুইস নারী ছিলেন। তাঁর স্বামী আবুজায় অবস্থিত সুইস দূতাবাসে কর্মরত। নাইজেরিয়ায় ফেরার আগে ওই দম্পতি উগান্ডা সফর করেছিলেন।

সর্বশেষ এই প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার বুন্দিবুগিও ধরন। এ ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ‘এরভেবো’ নামের একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। ইবোলার তুলনামূলকভাবে বেশি প্রচলিত ‘জাইর’ ধরনের বিরুদ্ধে এই টিকা কার্যকর প্রমাণিত হয়েছিল। তবে বুন্দিবুগিও ধরনের বিরুদ্ধে এর কার্যকারিতা এখনো নিশ্চিত নয়।

সূত্র: এএফপি

এই নিবন্ধটি শেয়ার করুন