ফরাসি রিভিয়েরা সৈকতে বুরকিনি নিষেধাজ্ঞা বাতিল করল আদালত

পড়তে ১ মিনিট

সৈকতে বুরকিনি নিষিদ্ধ করে পৌর কর্তৃপক্ষের জারি করা সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে নিসের একটি প্রশাসনিক আদালত | ছবি : সংগৃহীত

ফ্রান্সের রিভিয়েরা রিসোর্ট এলাকার মান্দেলিউ-লা-নাপুলের সৈকতে বুরকিনি নিষিদ্ধ করে পৌর কর্তৃপক্ষের জারি করা সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে নিসের একটি প্রশাসনিক আদালত।

গত শুক্রবার দেওয়া এই রায়ের ফলে কিছু মুসলিম নারীর ব্যবহৃত পুরো শরীর ঢাকা সাঁতারের পোশাকের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া হলো।

নিসের প্রশাসনিক আদালত বলেছে, সম্পূর্ণ শরীর ঢাকা সাঁতারের পোশাকের ওপর নিষেধাজ্ঞা তিনটি মৌলিক অধিকার গুরুতর ও অবৈধভাবে খর্ব করেছে। এগুলো হলো চলাচলের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতা।

আদালতের নথি অনুযায়ী, কান শহরের কাছাকাছি অবস্থিত এই পৌরসভা দাবি করেছিল, বুরকিনির মতো পোশাক স্পষ্টভাবে ধর্মীয় পরিচয় বহন করে এবং এটি জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তবে এ দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। তারা ১০ ও ১৪ বছর আগের দুটি ঘটনার উল্লেখ করেছিল।

বিচারকরা বলেন, বুরকিনির মতো পোশাক সৈকতে আসা দর্শনার্থী ও সাঁতারুদের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করে—এমন কোনো প্রমাণ আদালতের সামনে উপস্থাপিত হয়নি।

ফ্রান্সে হিজাব ও মুসলিম নারীদের অন্যান্য পোশাক নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের মধ্যেই আদালতের এই রায় এসেছে। দেশটিতে ধর্মীয় পোশাক ও ধর্মনিরপেক্ষতার নীতি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক রয়েছে।

এর আগে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত ‘কাউন্সিল অব স্টেট’ সৈকতে বুরকিনি নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দিয়েছিল। তবে এরপরও দেশটির কয়েকটি উপকূলীয় শহর গ্রীষ্মকালীন সময়ে এ ধরনের নিষেধাজ্ঞা জারি রেখেছিল।

মান্দেলিউ-লা-নাপুল ২০১২ সালে সমুদ্রসৈকতে বুরকিনি নিষিদ্ধ করা প্রথম রিসোর্টগুলোর একটি। কাউন্সিল অব স্টেটের রায়ের পরও শহরটির রক্ষণশীল মেয়র বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞাটি পুনর্বহাল করে আসছিলেন।

সূত্র: ডিপিএ

এই নিবন্ধটি শেয়ার করুন