ডিআর কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে
লেখক:
কঙ্গোতে নিশ্চিত ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নিশ্চিত ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির ইতিহাসে ভয়াবহ এই মহামারি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি নতুন করে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ২ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে।
ইবোলার এই প্রাদুর্ভাব ছয়টি প্রদেশের ৫৫টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রদেশগুলো হলো—হাউত-উয়েলে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু, বাস-উয়েলে ও চপো।
তবে ইতুরি প্রদেশ এখনও প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেখানে ভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে ইবোলা মোকাবিলায় নিয়োজিত দলগুলোকে নিয়মিত জনসচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজধানী কিনশাসায় সম্ভাব্য সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে কঙ্গো নদী বরাবর নজরদারিও জোরদার করা হয়েছে। কিনশাসা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে নদীপথে আক্রান্ত এলাকা থেকে আসা নৌযানগুলো পর্যবেক্ষণের জন্য একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাব এখনও আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘বুন্দিবুুগিও’ ধরনের ইবোলা ভাইরাসের কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাব পূর্ব কঙ্গোতে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চলা ইবোলা মহামারীর রেকর্ডও ছাড়িয়ে গেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি



