গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ৪০০ ছাড়াল

পড়তে ১ মিনিট

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৩ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪০৭ জনে দাঁড়িয়েছে।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত দৈনিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল সাতজনের মরদেহ এবং ২৩ জন আহতকে গ্রহণ করেছে।

তবে নিহত ও আহতদের সর্বশেষ ঘটনার বিস্তারিত পরিস্থিতি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও গুলিবর্ষণ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক আহত ও নিহত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন সড়কে আটকা পড়ে আছেন। তবে অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা নিরাপত্তাজনিত কারণে অনেক এলাকায় পৌঁছাতে পারছেন না।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত আরও ১ হাজার ২৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ২২৩ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৪০৭ জনে পৌঁছেছে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন।

এদিকে দীর্ঘস্থায়ী সংঘাত ও সামরিক অভিযানে গাজার বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়ন অনুযায়ী, উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের হিসাবে গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এসব পরিসংখ্যানের পাশাপাশি নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন।


সূত্র : আনাদোলু এজেন্সি

এই নিবন্ধটি শেয়ার করুন