গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটের
লেখক:
জ্ঞানচর্চা, গবেষণা এবং গঠনমূলক বুদ্ধিবৃত্তিক সংলাপকে বৈশ্বিক পরিসরে আরও শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল-উম্মাহ’ জার্নাল ও ওয়েবসাইট। গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, সাংবাদিক ও তরুণ চিন্তাবিদদের জন্য সমসাময়িক বৈশ্বিক ইস্যু, মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ এবং জ্ঞানভিত্তিক সমাধান নিয়ে আলোচনা ও মতবিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে এই উদ্যোগ আত্মপ্রকাশ করেছে।
শনিবার (৪ জুলাই) রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আল-উম্মাহ ফাউন্ডেশনের এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, "বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ যেমন নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, তেমনি বিভ্রান্তি, ভ্রান্ত তথ্য এবং সামাজিক বিভাজনের ঝুঁকিও বাড়িয়েছে। এ পরিস্থিতিতে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীল সম্পৃক্ততার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।"

তিনি আরও বলেন, "আজকের বিশ্বে তথ্যের প্রাচুর্য রয়েছে, কিন্তু নির্ভরযোগ্য জ্ঞানের সংকটও কম নয়। এই বাস্তবতায় আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট গবেষণা, বিশ্লেষণ এবং দায়িত্বশীল জনআলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ ও বিশ্বের মধ্যে জ্ঞানভিত্তিক সংলাপ প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, গঠনমূলক সংলাপ এবং মতপার্থক্যের মধ্যেও সহাবস্থানের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমেই টেকসই শান্তি ও উন্নয়ন সম্ভব। আল-উম্মাহ সেই লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত তুর্কি লেখক, গবেষক ও শিক্ষাবিদ এবং তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সাবেক ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাবেক উপদেষ্টা অধ্যাপক ইয়াসিন আকতাই। তিনি মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের প্রসঙ্গ তুলে বলেন, "মুসলিম সভ্যতা শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞান, দর্শন, বিজ্ঞান ও মানবিক চিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। তবে সমসাময়িক বৈশ্বিক বাস্তবতায় সেই ঐতিহ্যের সঙ্গে বর্তমান প্রজন্মের কার্যকর সংযোগ আরও শক্তিশালী করা প্রয়োজন।"

অধ্যাপক আকতাই বলেন, "আজকের বিশ্বে মুসলিম সমাজের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জ্ঞান, গবেষণা এবং বাস্তব নীতিনির্ধারণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। আল-উম্মাহ সেই সেতুবন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক, শিক্ষাবিদ ও তরুণ বুদ্ধিজীবীদের মধ্যে সহযোগিতা ও ইতিবাচক পরিবর্তনের সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করবে। সত্যনিষ্ঠ জ্ঞানচর্চা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ এবং সহযোগিতার ভিত্তিতে একটি সচেতন, ঐক্যবদ্ধ ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ মুসলিম সমাজ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। তিনি বলেন, "বর্তমান বিশ্বে মুসলিম সমাজের সামনে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক বহু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক নেতৃত্ব এবং দায়িত্বশীল গবেষণার বিকল্প নেই।"

আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আল-উম্মাহর সম্পাদক ও ইন-চিফ মোহাম্মদ জাকির হোসেন বলেন, "মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক কণ্ঠস্বরকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা রাতারাতি পৃথিবী পরিবর্তনের কোনো দাবি করি না। আমাদের বিশ্বাস, স্থায়ী ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হয় জ্ঞান, গঠনমূলক সংলাপ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে।"

তিনি আরও বলেন, "আল-উম্মাহ এমন একটি প্ল্যাটফর্ম, যা গবেষণা, অর্থবহ আলোচনা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক কণ্ঠকে আরও শক্তিশালী করবে। আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের চিন্তক, লেখক ও গবেষকদের অনুপ্রাণিত করা, যাতে তারা প্রজ্ঞা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে পারেন।"
অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, নীতিবিশেষজ্ঞ, সাংবাদিক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন—ইসলামিক ওয়ার্ল্ড ফোরাম ফর থট অ্যান্ড সিভিলাইজেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুনির সাঈদ; ইন্টারন্যাশনাল আল-কুদস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আইমান জেইদান; ইস্তাম্বুলভিত্তিক আল-রাওয়াদ একাডেমির পরিচালক ড. ফাতিহ আবদুল কাদির; জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল আজিজ; আল-উম্মাহ আরবিকের ব্যবস্থাপনা সম্পাদক ইসাম শেহাদাত এবং আল-উম্মাহর স্ট্র্যাটেজিক ডিজাইন ও ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার রাহমি ওসমান কাচমাজ।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যমের ভূমিকা, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর জ্ঞান উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোকপাত হয়।
বিশ্লেষকরা মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে থিংক ট্যাংক, গবেষণা প্রতিষ্ঠান ও বিকল্প বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ভূরাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, ইসলামিক ফিন্যান্স, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে গবেষণাভিত্তিক আলোচনা ক্রমেই আন্তর্জাতিক নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটের মতো উদ্যোগ মুসলিম বিশ্বের গবেষক, সাংবাদিক এবং নীতিনির্ধারকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ও জ্ঞান-বিনিময় প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই জার্নাল ও ডিজিটাল প্ল্যাটফর্ম গবেষণা ও জ্ঞানভিত্তিক আলোচনার প্রসারের পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল এবং বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হবে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম বিশ্বের চিন্তা ও গবেষণার প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা জ্ঞানভিত্তিক সমাজ গঠন, মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ, গবেষণা সহযোগিতা, দায়িত্বশীল গণমাধ্যম এবং বৈশ্বিক সংলাপের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার সমন্বয়ের মাধ্যমেই কেবল টেকসই উন্নয়ন, শান্তি এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।
উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমান বিশ্বব্যবস্থায় মুসলিম বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল আবেগভিত্তিক নয়, বরং গবেষণানির্ভর ও বুদ্ধিবৃত্তিক আলোচনার ক্ষেত্র সম্প্রসারণের প্রয়োজনীয়তা থেকেই আল-উম্মাহর যাত্রা শুরু হয়েছে। জার্নালটি গবেষণাধর্মী প্রবন্ধ, বিশ্লেষণমূলক নিবন্ধ, নীতিপত্র, মতামতভিত্তিক লেখা এবং আন্তর্জাতিক বিষয়াবলির ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জ্ঞানভিত্তিক আলোচনার নতুন ক্ষেত্র তৈরি করতে চায়।
বর্তমানে বাংলা, ইংরেজি, আরবি এবং তুর্কি—এই চারটি ভাষায় প্রকাশিত হচ্ছে আল-উম্মাহ। আয়োজকদের মতে, ভবিষ্যতে আরও কয়েকটি ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের গবেষক ও চিন্তাবিদদের মধ্যে জ্ঞান বিনিময় এবং বুদ্ধিবৃত্তিক সহযোগিতা আরও সম্প্রসারিত করা যায়। একই সঙ্গে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত সংযোগ ও জ্ঞানভিত্তিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতেও এই প্ল্যাটফর্ম কাজ করবে।



