ইন্দোনেশিয়ায় বারবার ভূমিকম্পের কম্পনে প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত

পড়তে ১ মিনিট

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একের পর এক অনুকম্পনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ৬০ হাজারে দাঁড়িয়েছে। শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর এ পর্যন্ত তিন হাজারের বেশি অনুকম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার যোগাযোগ কেন্দ্রের প্রধান বার্টন পানজাইতান বুধবার এক লিখিত বিবৃতিতে জানান, ভূমিকম্পের পর মূলত বারবার অনুকম্পনের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৬৪৭ জনে পৌঁছেছে।

দেশটির পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাবুয়ান বাজোও এ দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্টন পানজাইতান জানান, শনিবারের ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৩ হাজার ২টি অনুকম্পন রেকর্ড করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮৯৮ জন।

দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ভূমিকম্পে প্রায় ১২ হাজার ভবন ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে নিরাপত্তার স্বার্থে এবং ক্ষয়ক্ষতি পরিদর্শনের জন্য মঙ্গলবার ফ্লোরস দ্বীপের কয়েকটি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ঘন ঘন অনুকম্পনের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


সূত্র : আনাদোলু এজেন্সি

এই নিবন্ধটি শেয়ার করুন