জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস খোলার তীব্র নিন্দা ওআইসির
লেখক:
ওআইসির মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ । ছবি : সংগৃহীত
অধিকৃত জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস খোলার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
গত ১৪ অক্টোবর-২০২৬ প্রকাশিত এক বিবৃতিতে ওআইসির মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, কলম্বিয়ার এই সিদ্ধান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৯৮০ সালে গৃহীত ৪৭৮ নম্বর প্রস্তাবের পরিপন্থী। ওই প্রস্তাবে বিভিন্ন দেশকে জেরুজালেম থেকে তাদের কূটনৈতিক মিশন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে শহরটির চরিত্র ও মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে ইসরাইলের নেওয়া সব পদক্ষেপকে বাতিল ও অকার্যকর ঘোষণা করা হয়েছিল।
ওআইসি এমন যেকোনো অবস্থান ও পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে, যা ইসরাইলের দখলদারিত্বকে আরও শক্তিশালী করে, অধিকৃত জেরুজালেমের ওপর দেশটির দাবিকৃত সার্বভৌমত্বকে বৈধতা দেয় কিংবা দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।
মহাসচিব জানান, কলম্বিয়ার এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ জেরুজালেমের ঐতিহাসিক চরিত্র, আইনি মর্যাদা ও জনসংখ্যাগত বিন্যাস পরিবর্তনের লক্ষ্যে ইসরাইলের নেওয়া পদক্ষেপগুলোকে উৎসাহিত করে। একই সঙ্গে এটি ফিলিস্তিনি জনগণের অধিকারকেও ক্ষুণ্ণ করে।
বিশ্বের মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের কাছে জেরুজালেমের ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ইসমাইল উলদ শেখ আহমেদ সতর্ক করে বলেন, কলম্বিয়ার এই সিদ্ধান্তের ফলে মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে দেশটির সম্পর্কে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।


