৪৮ দেশে ১৭২ সামরিক কবরস্থান ও শহিদ সমাধির মানচিত্র প্রকাশ করল তুরস্ক
লেখক:
বিশ্বের ৪৮টি দেশে থাকা ১৭২টি তুর্কি সামরিক কবরস্থান ও স্মারকস্থলের মানচিত্র
বিদেশে মৃত্যুবরণকারী তুর্কি সেনা ও কর্মকর্তাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের ৪৮টি দেশে থাকা ১৭২টি তুর্কি সামরিক কবরস্থান ও স্মারকস্থলের একটি মানচিত্র তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ম্যাপিং ডিরেক্টরেট জেনারেলের উদ্যোগে তৈরি ‘বিদেশের তুর্কি সামরিক কবরস্থান ও স্মারক মানচিত্র’-এ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এসব ঐতিহাসিক স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। মানচিত্রটি অনলাইনে ডিরেক্টরেটের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
প্রকল্পের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল ফাতিহ কালে জানান, তথ্য সংগ্রহের সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিআইকেএ) সঙ্গে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি ঐতিহাসিক তথ্যের সত্যতা যাচাইয়ে বিভিন্ন একাডেমিক ও সামরিক প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে আগে নথিভুক্ত না হওয়া নতুন কবরস্থান বা সমাধির সন্ধান পাওয়া গেলে মানচিত্রের পরিধি আরও বাড়ানো হবে। ঐতিহাসিক নথি অনুযায়ী, বিভিন্ন গ্রাম ও সাবেক যুদ্ধক্ষেত্রে এখনো অজানা তুর্কি সেনাদের কবর থাকতে পারে।
মানচিত্র তৈরির সময় সংশ্লিষ্ট সময়কালের সঙ্গে সামঞ্জস্য রেখে সামরিক পোশাক, অস্ত্র, সরঞ্জামসহ বিভিন্ন ঐতিহাসিক উপাদানের চিত্রও যুক্ত করা হয়েছে। ইয়েমেন ও ভারতের মতো অঞ্চলে দায়িত্ব পালনকারী তুর্কি সেনাদের পাশাপাশি উসমানীয় আমলের সামরিক জাহাজ ও বিমানের তথ্যও এতে স্থান পেয়েছে।
ফাতিহ কালে জানান, যুক্তরাজ্যের ব্রুকউড কবরস্থানে সমাহিত তুর্কি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত বিমানগুলোর ঐতিহাসিক লেজ নম্বরসহ চিত্রও মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ প্রকল্পে বিদেশে তুর্কি মিশনে দায়িত্ব পালনকালে নিহত কূটনীতিক, সামরিক ও নিরাপত্তা সদস্য এবং বেসামরিক কর্মকর্তাদের স্মৃতিও সংরক্ষণ করা হয়েছে। তুরস্কে সমাহিত ব্যক্তিদের তথ্যও এর আওতায় রাখা হয়েছে।
প্রথম বিশ্বযুদ্ধের সময় বন্দী ও আটক উসমানীয় সেনাদের স্মরণে ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের তথ্যও মানচিত্রে তুলে ধরা হয়েছে। সমুদ্রে মৃত্যুবরণকারী এবং যাদের পৃথক কোনো কবর নেই, তাদের স্মরণে ‘রেফাহ’ ও ‘টিসিজি কোজাতেপে’ নামের দুটি জাহাজের ছবিও যুক্ত করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বজুড়ে নতুন তুর্কি সামরিক কবরস্থান ও স্মারকস্থল শনাক্ত করতে গবেষণা অব্যাহত থাকবে। নতুন তথ্য পাওয়া গেলে মানচিত্রটি নিয়মিত হালনাগাদ করা হবে।
সূত্র : ডেইলি সাবাহ


